গাজীপুরে বাড়ির কেয়ারটেকারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২৩:৪৮

গাজীপুরে পিটিয়ে ও কুপিয়ে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোররাতে গাজীপুর সিটি করপোরেশনের বরুদা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। গাজীপুর মেট্রো পুলিশের সদর থানার এসআই বশির আহমেদ এ তথ্য জানান।

নিহত শেখ ফরহাদুল ইসলাম রতন গাজীপুর সিটি করপোরেশনের লাঘালিয়া এলাকার শাহবুদ্দিনের ছেলে।

গাজীপুর সদর থানার এসআই বশির আহমেদ এবং নিহতের শ্যালক রুবেল জানান, রতন সিটি করপোরেশনের ছায়াবীথি এলাকার কাজী শাহাবুদ্দিনের বাড়ি ও দোকানের কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। শনিবার ভোরে কাজ শেষে বাড়ি ফেরার পথে বরুদা এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে রতন মারা যান। নিহতের হাত-পায়ে ধারালো অস্ত্রের আঘাত এবং শরীরের বিভিন্ন স্থানে পেটানোর চিহ্ন রয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।