অবিলম্বে ট্রাক টার্মিনাল নির্মাণসহ ৯ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক সমন্বয় পরিষদ নেতৃবৃন্দ। দাবি মেনে না নেওয়া হলে ১৪ সেপ্টেম্বর আন্দোলনের কঠোর কর্মসূচি নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে। গতকাল শনিবার বিকালে তেজগাঁও ট্রাক টার্মিনালে মালিক-শ্রমিক সমন্বয় উদ্যোগে আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ এ দাবি জানান। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ওসমান আলী।
সভায় পরিষদের আহ্বায়ক মো. রুস্তম আলী খান বলেন, সারা দেশে ৬৪টি জেলায় বাসের ৬৪টি টার্মিনাল রয়েছে। কিন্তু পণ্য পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট গাড়ির জন্য সরকার একটিও ট্রাক টার্মিনাল নির্মাণ করেনি। এটা অত্যন্ত দুঃখজনক। প্রধানমন্ত্রী বিভিন্ন জেলায় ট্রাক টার্মিনাল নির্মাণের নির্দেশ দিলেও তা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। টার্মিনালের অভাবে পণ্য পরিবহনের গাড়ি মালামাল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। এর ফলে নানাভাবে পুলিশের হয়রানির শিকার হতে হচ্ছে।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি তালুকদার মনির, বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি হাজী তোফাজ্জল হোসেন মজুমদার, সমন্বয় পরিষদের সদস্যসচিব তাজুল ইসলাম প্রমুখ।
