ঢাকা-৫ ও নওগাঁ-৬ উপনির্বাচনে জাপার প্রার্থী ঘোষণা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২৩:৫৫

জাতীয় সংসদের শূন্য হওয়া ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে দল মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। ঢাকা-৫ আসনে মনোনয়ন পেয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ। আর নওগাঁ-৬ আসনে মনোননয়ন পেয়েছেন কাজী গোলাম কবির। গতকাল শনিবার জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এই দুটি আসনে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কার শেষে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। উল্লেখ্য, মীর আব্দুস সবুর আসুদ এর আগেও ঢাকা-৫ আসনে একাধিকবার জাপার প্রার্থী হিসেবে ‘লাঙ্গল’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

জাপা চেয়ারম্যান ও দলের মনোনয়ন বোর্ডের সভাপতি জি এম কাদেরের সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সদস্য ও জাপার কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার এবং সৈয়দ আবু হোসেন বাবলা এমপি মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন।

এ সময় জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন, প্রতিটি উপনির্বাচনে জাপার প্রার্থীরা শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকবেন। দেশের মানুষ এরশাদের লাঙ্গল প্রতীকে ভোট দিতে উন্মুখ হয়ে আছে। তাই চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে সর্বশক্তি নিয়েই ভোটের মাঠে থাকবে জাপা। নির্বাচনে বিজয়ের জন্যই লড়বে জাপার নেতাকর্মীরা। জাপার প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ ও যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম উপস্থিত ছিলেন।