নৃত্যশিল্পী ইভানকে কারাগারে পাঠানোর নির্দেশ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২৩:৫৭

দুবাইয়ে ড্যান্সবারের আড়ালে নারী পাচারের অভিযোগে জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল শনিবার ঢাকা মহানগর হাকিম বেগম  ইয়াসিন আরা এ আদেশ দেন। সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের একটি দল বৃহস্পতিবার রাতে রাজধানীর নিকেতনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে। লালবাগ থানার মানব পাচার আইনে দায়ের করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। অন্য দিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া তার জামিন শুনানির জন্য রবিবার দিন ধার্য করেন।

এ ব্যাপারে সিআইডির অ্যাডিশনাল ডিআইজি শেখ রেজাউল হায়দার বলেন, দুবাইয়ে ড্যান্সবারের আড়ালে নারী পাচারের অভিযোগে সম্প্রতি আজম খানসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে দুই জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে উঠে আসে কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের নাম। সেই তথ্যের ভিত্তিতে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিট তাকে গ্রেফতার করে।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, গ্রেফতার চক্রটি দুবাইয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে নৃত্যশিল্পী নিয়ে যেতেন। পরে এদের মধ্য থেকে দুই-একজনকে রেখে আসতেন। এই চক্রের সঙ্গে জড়িত কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ।

সংশ্লিষ্টরা জানান, এই নারী পাচার চক্রটি মূলত নৃত্যশিল্পীকেন্দ্রিক। কয়েকটি নৃত্য সংগঠন ও কয়েক জন শিল্পী এই চক্রের সঙ্গে জড়িত। তারা দেশের বিভিন্ন নাচের ক্লাব বা সংগঠন থেকে মেয়েদের সংগ্রহ করে কাজ দেওয়ার নামে দুবাই পাঠান। পরে দুবাইয়ের হোটেল ও ড্যান্সবারে তাদের যৌনকর্মে বাধ্য করা হয়। গত আট বছরে এভাবে চাকরির নামে দেশের শতাধিক তরুণী-কিশোরীকে দুবাইয়ে পাচার করা হয়েছে।