যানজটে ভোগান্তি
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ফুলবাড়ী উপজেলা সদরে সিএনজি ও অটোবাইক স্ট্যান্ড না থাকায় সড়কেই যত্রতত্র গাড়িগুলো পার্ক করে রাখা হচ্ছে। ফলে উপজেলা সদরের শহর জুড়ে সৃষ্টি হচ্ছে যানজট। এতে প্রায়ই ঘটছে নানা দুর্ঘটনা। অন্যদিকে শহরে বাসস্ট্যান্ড না থাকায় ঢাকাগামী নাইটকোচগুলো প্রধান সড়কেই সারিবেঁধে রাখা হচ্ছে। ফলে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। সরেজমিনে দেখা গেছে, উপজেলা শহরের তিনকোণা মোড় (জিরোপয়েন্ট) থেকে কলেজ মোড় হয়ে সোনালী ব্যাংক, অপরদিকে উপজেলা গেট এবং খাদ্যগুদাম পর্যন্ত যাতায়াতের প্রধান সড়কের দুই পাশে রাখা হয়েছে অটোরিকশা, সিএনজিসহ বিভিন্ন ধরনের যানবাহন। জাহাঙ্গীর আলম, মাইদুল ইসলাম, নুর ইসলাম নুরুসহ একাধিক ভুক্তভোগী জানান, জরুরি প্রয়োজনে কাছে ও দূরের হাজার হাজার মানুষ প্রতিদিন উপজেলা সদরে আসে। সদরে নির্দিষ্ট করে কোনো বাসস্ট্যান্ড, সিএনজি ও অটোবাইকের স্ট্যান্ড না থাকায় এভাবেই রাস্তার ওপরেই সব ধরনের যানবাহন ইচ্ছেমতো রেখে যাত্রী ওঠানামা করা হয়। রাস্তার ওপর ঘণ্টার পর ঘণ্টা গাড়ি রেখে মালামাল লোড-আনলোড করা হয়। এতে যানজটে আমাদের ভোগান্তিতে পড়তে হয়।
অটোচালক জোবাইদুল হক, আমিনুল ইসলাম ও বাবু মিয়াসহ একাধিক চালক জানান, উপজেলা শহরে নির্দিষ্ট বাসস্ট্যান্ড ও সিএনজি-অটোবাইকের গ্যারেজ না থাকায় তারা বাধ্য হয়ে সড়কের ওপর গাড়ি রেখে যাত্রী ওঠানামা করছেন। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান জানান, আইনশৃংখলা মিটিংয়ে বাসস্ট্যান্ড ও সিএনজি-অটোবাইক গ্যারেজের বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে। এর জন্য নির্দিষ্ট জায়গা খোঁজা হচ্ছে।
