মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
মোরেলগঞ্জ উপজেলার প্রশাসনিক এলাকায় একাধিক ঝুঁকিপূর্ণ ভবন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ভবনগুলো ভেঙে পড়ে প্রায়ই ঘটছে ছোট-খাটো দুর্ঘটনা। উপজেলা পরিষদ চত্বরে ঢোকার মুখেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে উপজেলা প্রশাসনের ব্যবহূত বিশাল একাধিক ভবন। যার অনেকগুলো ছাদ ভেঙে পড়েছে। পাশেই রয়েছে পরিত্যক্ত টিডিডিসি হল, দুটি খাদ্যগুদাম। একই চত্বরে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বিএডিসির ভবন। উপজেলা চেয়ারম্যান আলহাজ অ্যাড. শাহ-ই আলম বাচ্চু বলেন, উপজেলা সমন্বয় সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, অতি ঝুঁকিপূর্ণ ভবনগুলোর দ্রুত অপসারণ করা হবে।
