নাসীরুদ্দীনের পোষা পাঁঠাটার উপর পড়শীদের ভারি লোভ, কিন্তু নানান ফিকির করেও তারা সেটাকে হাত করতে পারে না। শেষটায় একদিন তারা নাসীরুদ্দীনকে বললে, ‘ও মোল্লাসাহেব, বড় দুঃসংবাদ। কাল নাকি প্রলয় হবে। এই দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে।’
‘তাহলে পাঁঠাটাকেও ধ্বংস করা হোক’, বললে নাসীরুদ্দীন।
সন্ধেবেলা পড়শীরা দলেবলে এসে দিব্যি ফুর্তিতে পাঁঠার ঝোল খেয়ে গায়ের জামা খুলে নাসীরুদ্দীনের বৈঠকখানায় নাক ডাকিয়ে ঘুমোতে লাগল।
সকালে ঘুম থেকে উঠে তারা দেখে তাদের জামা উধাও।
‘প্রলয় যদি হবে’, বললে নাসীরুদ্দীন, ‘তাহলে জামাগুলো আর কোন কাজে লাগবে ভাই? তাই আমি সেগুলোকে আগুনে ধ্বংস করে ফেলেছি।’
সূত্র : সেরা সত্যজিত্
