দক্ষিণ সুদানে চলমান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ডেপুটি ফোর্স কমান্ডার মনোনীত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মো. মাইন উল্লাহ চৌধুরী। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্বের নবীনতম দেশ দক্ষিণ সুদানে জাতিসংঘ তার কার্যক্রম শুরু করে ২০১১ সালে। বাংলাদেশ শুরু থেকেই দক্ষিণ সুদানে জাতিসংঘের এই শান্তিরক্ষা কার্যক্রম এর সঙ্গে সম্পৃক্ত। বাংলাদেশের একটি ইঞ্জিনিয়ার কন্টিনজেন্ট দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশনের যাত্রালগ্ন থেকে নিয়োজিত রয়েছে।
বর্তমানে একটি পদাতিক কন্টিনজেন্টসহ বাংলাদেশের সর্বমোট তিনটি কন্টিনজেন্ট দক্ষিণ সুদানে ইএনএমআইএসএস মিশনে নিয়োজিত। ইএনএমআইএসএস মিশনে বর্তমানে ১ হাজার ৬৪৪ জন বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োজিত রয়েছেন। মেজর জেনারেল মো. মাঈন উল্লাহ চৌধুরী শিগিগরই দক্ষিণ সুদানে ডেপুটি ফোর্স কমান্ডার হিসেবে যোগদান করবেন।
