ওসাকার তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম শিরোপা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ০০:৩৯

স্পোর্টস ডেস্ক

রোমাঞ্চকর এক ফাইনাল শেষে দ্বিতীয়বারের মতো ইউএস ওপেনের শিরোপা জিতেছেন জাপানের নাওমি ওসাকা। বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কার বিপক্ষে পিছিয়ে পড়েও দুর্দান্ত এক ফাইনাল জিতেছেন তিনি। এ নিয়ে তিনটি গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে খেলে সবকটিতেই জিতলেন ওসাকা।

নউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে স্থানীয় সময় শনিবার প্রথম সেটে ৩১ বছর বয়সি সাবেক এক নম্বর তারকার সামনে দাঁড়াতেই পারেননি ওসাকা। কিন্তু পরের দুই সেটে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে নেন ১-৬, ৬-৩, ৬-৩ গেমে। ২২ বছর বয়সি এই চতুর্থ বাছাইয়ের এটি তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম শিরোপা, ইউএস ওপেনে দ্বিতীয়।

এর আগে ওসাকা ২০১৮ ইউএস ওপেন জয়ের পর জেতেন ২০১৯ অস্ট্রেলিয়ান ওপেন। অন্যদিকে, ইউএস ওপেন অধরাই থেকে গেল আজারেঙ্কার। আগের দুই ফাইনালে ২০১২ ও ২০১৩ আসরে হেরেছিলেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামসের বিপক্ষে।

দ্বিতীয় ম্যাচ পয়েন্ট জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে কোর্টে শুয়ে পড়েন ওসাকা। পরে মজার ছলেই আজারেঙ্কার প্রতি প্রকাশ করেন কৃতজ্ঞতা। যার খেলা দেখে বড় হয়েছেন তাকে হারাতে পারা ওসাকার কাছে অনুপ্রেরণার। ওসাকা বলেন, ‘ফাইনালে আমি আর তোমার বিপক্ষে খেলতে চাই না, আমি এটা মোটেও উপভোগ করিনি, আমার কাছে এটা ছিল খুবই কঠিন ম্যাচ। এটা আমার কাছে অনেক অনুপ্রেরণার কারণ, আমি যখন অনেক ছোট ছিলাম তখন এখানে তোমাকে খেলতে দেখেছি। আমি অনেক শিখেছি, তাই তোমাকে ধন্যবাদ।’