স্পোর্টস রিপোর্টার
বিকেএসপিতে চলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের আবাসিক ক্যাম্প। চার সপ্তাহের ক্যাম্পে ডাক পেয়েছেন ৪৭ ক্রিকেটার। বর্তমানে ক্যাম্পে তিন ভাগে হয়ে ম্যাচ খেলছেন যুবারা। এই ক্যাম্প শেষ হবে আগামী ১৮ সেপ্টেম্বর। ক্যাম্পে ট্রায়াল ম্যাচ হবে মোট আটটি। এসব ম্যাচের পারফরমারদের নিয়ে গঠিত হবে বাংলাদেশ যুব দল। প্রাথমিক দলের আকার ছোট করা হবে। ২৫ জনে নামিয়ে আনা হবে স্কোয়াড।
তবে এই ক্যাম্পে বিদেশি কোচদের পাবে না যুবারা। করোনা ভাইরাসের কারণে হেড কোচ নাভিদ নেওয়াজ ও ট্রেনার রিচার্ড স্টনিয়ের আসতে পারছেন না। তাদের ছাড়াই স্থানীয় কোচদের তত্ত্বাবধানে শেষ হবে যুবাদের ক্যাম্প। আগামী মাসে দ্বিতীয় ধাপের ক্যাম্পে পাওয়া যেতে পারে বিদেশি দুই কোচকে। এমনটাই আশা বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগের।
গতকাল বিদেশি কোচদের ঢাকায় আসা প্রসঙ্গে জানতে চাইলে গেম ডেভলপমেন্ট বিভাগের ম্যানেজার এ ই এম কাওসার বলেছেন, ‘তারা পরের ক্যাম্পে থাকবেন। আগামী মাসের শুরুতে আমাদের আরেকটি ক্যাম্প শুরু হবে, সেখানে তারা যোগ দিবেন।’ অস্ট্রেলিয়ায় রয়েছেন হেড কোচ নাভিদ নেওয়া। ট্রেনার স্টনিয়ের আছে ইংল্যান্ডে। চলতি বছরের শুরুতে আকবর আলীরা যুব বিশ্বকাপ জেতায় দুই কোচের সঙ্গেই চুক্তি নবায়ন করেছে বিসিবি।
চলমান ক্যাম্পে থাকা অনেক ক্রিকেটার বাদ পড়বেন স্কোয়াড থেকে। আটটি ট্রায়াল ম্যাচের পর অন্তত ২০ ক্রিকেটার ঝরে পড়বেন। গেম ডেভলপমেন্ট বিভাগের ম্যানেজার বলেছেন, ‘আটটি ট্রায়াল ম্যাচ হবে। স্কোয়াড ছোট করা হবে। ২৫ জনে নামিয়ে আনা হতে পারে।’ বিকেএসপিতে সহকারী কোচ মেহরাব হোসেন অপিসহ স্থানীয় কোচদের অধীনে চলছে নাবিল-রিহাদদের অনুশীলন।
