ঢাকা দক্ষিণ সিটিতে ইঞ্জিনচালিত রিকশা ও ভ্যান চলাচল নিষিদ্ধ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ২২:০৮

সড়কে পাওয়া গেলে ব্যবস্থা :তাপস

ইত্তেফাক রিপোর্ট

ব্যাটারিচালিত রিকশা ও ভ্যানসহ যেসব অযান্ত্রিক যানবাহনে ব্যাটারি ও ইঞ্জিন সংযোজন করে যান্ত্রিক বানানো হয়েছে, সেসব যানবাহন ডিএসসিসি এলাকার সড়কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এসব ইঞ্জিনচালিত রিকশা বা যানবাহন সড়কে পাওয়া গেলে মালিক ও চালকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে—জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল নগর ভবন প্রাঙ্গণে রিকশা-ভ্যান, ঠেলাগাড়ি, টালিগাড়ি ও ঘোড়ার গাড়ি নিবন্ধন-নবায়ন-মালিকানা পরিবর্তন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মেয়র আরো বলেন, ‘ঢাকা শহরকে অনেক কবি সাহিত্যিক ‘রিকশার নগরী’ বলে চিত্রিত করেছেন। এটা আমাদের ঐতিহ্য। রিকশাসহ আমাদের যে ধীর গতির অযান্ত্রিক যানবাহন রয়েছে, সেগুলোকে নতুন করে আমরা নিবন্ধন ও নবায়নের আওতায় আনছি। এর মাধ্যমে সড়কে শৃঙ্খলা আনয়ন করাই আমাদের মূল উদ্দেশ্য।’ নিবন্ধিত অযান্ত্রিক যানবাহন ছাড়া আর কোনো অযান্ত্রিক যানবাহনকে ঢাকা শহরে চলাচল করতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে ডিএসসিসি এলাকার সড়কগুলোতে যানবাহনের কার্যকারিতা নিরূপণের কার্যক্রম শুরু করা হয়েছে। ফলে কোন্ সড়কে ধীর গতির যানবাহন চলবে, কোন্ সড়কে দ্রুতগতির যানবাহন চলাচল করবে—এগুলো আমরা নির্ণয় করব। এ নিবন্ধন কার্যক্রমের মাধ্যমে ধীর গতির যানবাহনগুলো যেমন নিবন্ধনের আওতায় আসবে, তেমনি নিয়মের মধ্যেও থাকবে।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকের সঞ্চালনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নূরী এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) শরীফ আহমেদ, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, ডিএসসিসি সচিব আকরামুজ্জামানসহ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।