মানিকগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতি

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ২২:১০

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক পরিবারকে জিম্মি করে ৫০ হাজার টাকা এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকা অন্য অ্যাকাউন্টে নিয়ে গেছে। শনিবার রাতে জেলা শহরের পূর্বদাশড়া এলাকার ব্যবসায়ী নজরুল ইসলামের বাসায় এ ঘটনা ঘটে।

নজরুল ইসলাম বলেন, তিনি এক বছর পাঁচ মাস ধরে পূর্বদাশড়া এলাকার একতলা পাকা ভবনের তিন কক্ষবিশিষ্ট একটি বাসা ভাড়া করে স্ত্রী এবং দেড় বছরের শিশুকে নিয়ে বসবাস করছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে দরজা খোলা থাকায় মুখে মাস্ক পরা দুই যুবক তার ঘরে ঢুকে পড়ে। সিভিল পোশাকের ঐ দুই যুবকের এক জনের হাতে দুইটি হ্যান্ডকাফ ছিল। তারা পুলিশ বলে পরিচয় দেয়। আধাঘণ্টা সময় ধরে ঘরে সার্চ করার নামে একজন ঘরের জিনিসপত্র তছনছ করে অন্যজন দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পরে বলে,‘ কী আছে তাড়াতাড়ি দে, নইলে থানায় নিয়ে যাব।’ তারা ৫০ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া তার মোবাইল ফোনসেট থেকে বিকাশ অ্যাকাউন্টের গোপন নম্বর নিয়ে অন্য একটি অ্যাকাউন্টে ১০ হাজার টাকা স্থানান্তর করে। তিনি আরো বলেন, তিনি সম্প্রতি সাটুরিয়া উপজেলায় তার গ্রামের বাড়ির ছয় শতাংশ জমি সাড়ে ৫ লাখ টাকায় বিক্রি করেন। এর আগে ৫ লাখ টাকা পেয়ে তিনি তা তার ব্যাংক অ্যাকাউন্টে জমা করেন। ঘটনার দিন বাকি ৫০ হাজার টাকা পেয়ে সরাসরি বাসায় চলে আসেন। ঐ দুই যুবক জমি বিক্রির আরো ৫ লাখ টাকা কোথায় আছে তাও জানতে চেয়েছিল। তিনি পুরো বিষয়টি মানিকগঞ্জ সদর থানার ওসি আকবর আলী খানকে জানিয়েছেন বলে জানান।

এ ব্যাপারে ওসি জানান, ঘটনাটি জানার পর পুলিশ কাজ শুরু করেছে। অল্প সময়ের মধ্যেই ঘটনার রহস্য উদ্ঘাটন এবং দোষীদের ধরতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।