বিশেষ প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর উদ্যোগে ১ কোটির বেশি বৃক্ষরোপণ করা হয়েছে। গতকাল রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী ও বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা পরিষদে (বিসিএসআইআর) সোনালু ও হৈমন্তী বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন এ তথ্য জানান।
দেলোয়ার হোসেন বলেন, আমাদের বন ও পরিবেশ উপকমিটির উদ্যোগে ১৫ লাখ চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন এনভায়রনমেন্ট মুভমেন্টের উদ্যোগে ১৫ থেকে ১৬ লাখ চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। এখনো আমাদের কার্যক্রম চলছে। আওয়ামী লীগের প্রতিটি জেলায়, থানা হতে তৃণমূল পর্যায় পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলছে। পাশাপাশি আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোও বৃক্ষরোপণ করছে। বিসিএসআইআর-এ সাইন্সল্যাবে বৃক্ষরোপণের সময় আরো উপস্থিত ছিলেন বিসিএসআইআর চেয়ারম্যান ড. আফতাব আলী শেখসহ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির সদস্যবৃন্দ।
