ব্রিটেনের ডাচেস অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটন রাজকীয় দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে একজন প্রফেশনাল ফটোগ্রাফার হয়ে উঠেছেন! এমন দাবি করা হয়েছে ব্রিটিশ গণমাধ্যমগুলোতে। কেট মিডলটন বিভিন্ন সময়ে যেসব ছবি তুলছেন সেগুলো দিয়ে আবার ‘এক্সিবিশন’ আয়োজন করছেন। সেই প্রদর্শনীতে উপচে পড়ে দর্শনার্থী। সম্প্রতি যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গ যুবকের হত্যাকাণ্ডের ঘটনায় গোটা বিশ্বে ‘ব্ল্যাক লাইফ ম্যাটার্স’ আন্দোলন ছড়িয়ে পড়ে। ব্রিটেনেও জোরেসোরে লেগেছিল সেই আন্দোলনের ঢেউ। কৃষ্ণাঙ্গদের প্রতি বৈষম্য না করতে গোটা ব্রিটিশরা একাট্টা হয়েছিল। তাতে সমর্থন দিয়েছিলেন কেট মিডলটনও। তিনিও নিজে ক্যামেরা নিয়ে নেমে গিয়েছিলেন সেই আন্দোলনের ছবি তুলতে। তার একটি ছবি কেট তার সর্বশেষ ফটো এক্সিবিশনে এনেছেন। ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সেই ছবি। লকডাউনের মধ্যে কেট বিভিন্ন সমাজসেবামূলক কাজও করে চলেছেন। রাজপরিবারের সূত্র জানায়, ৩৮ বছর বয়সি কেট অ্যামেচার ফটোগ্রাফার থেকে ধীরে ধীরে দক্ষ হয়ে উঠেছেন। তিনি বর্তমানে বিভিন্ন ফটো কনটেস্টে বিচারকের ভূমিকা পালন করারও আমন্ত্রণ পেয়ে থাকেন। —ডেইলি মেইল
