ইত্তেফাক ডেস্ক
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফের হাসপাতালে ভর্তি হয়েছেন। শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য শনিবার রাতে তাকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এইমস) ভর্তি করানো হয়। যদিও এইমস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, কোভিড পরবর্তী শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সূত্র জানিয়েছে, অমিত শাহের অবস্থা স্থিতিশীল। খবর আনন্দবাজার পত্রিকার
সপ্তাহ দুয়েক আগে এইমস থেকেই ছাড়া পেয়েছিলেন অমিত শাহ। কোভিড পরবর্তী চিকিত্সার জন্য সেখানে ভর্তি ছিলেন তিনি। সূত্রের খবর, শনিবার রাত ১১টা নাগাদ তার শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। এরপর রাতেই অমিতকে এইমসে নিয়ে যাওয়া হয়। তবে গতকাল সকালে এইমস এক বিবৃতিতে জানিয়েছে, কোভিড চিকিত্সার পর গত ৩০ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নয়াদিল্লির এইমস থেকে ছেড়ে দেওয়া হয়। সে সময়কার পরামর্শ অনুযায়ী, পার্লামেন্টের অধিবেশনের আগে পুরোপুরি মেডিক্যাল চেকআপ করাতে তাকে এক-দুদিনের জন্য এখানে ভর্তি করানো হয়েছে। এইমস-এর পরিচালক রণদীপ গুলেরিয়ার নেতৃত্বে একটি চিকিত্সক দলের পর্যবেক্ষণে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অমিত শাহের এইমসে ভর্তির পর তার সুস্থতা কামনা করেছেন একাধিক বিজেপি নেতা-নেত্রী। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান টুইটারে লিখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রুগ্ন স্বাস্থ্যের কথা জানতে পারলাম। ঈশ্বরের কাছে তার সুস্বাস্থ্য কামনা করি। অমিতের দ্রুত আরোগ্য করে টুইট করেছেন রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়াও। বসুন্ধরার টুইট, ঈশ্বরের কাছে তার (অমিত শাহ) দ্রুত আরোগ্য কামনা করি। গত ২ আগস্ট করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার খবর জানিয়ে টুইট করেছিলেন ৫৫ বছর বয়সি অমিত শাহ। এরপর গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। সেখান চিকিত্সার পর ১৪ আগস্ট টুইটারে অমিত জানান, তার কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে সেই সময় হাসপাতাল থেকে ছাড়া পেলেও নিজের বাসভবনে আইসোলেশনে ছিলেন অমিত।
