নেত্রকোনায় পৃথক ঘটনায় স্বামী-স্ত্রীসহ ছয় জন নিহত

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ২২:৪০

নেত্রকোনায় পৃথক ঘটনায় দুই শিশু, স্বামী-স্ত্রীসহ ছয় জনের প্রাণহানি ঘটেছে। দুর্গাপুর উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের শান্তিপুর এলাকায়  দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুজন মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রবিবার দুপুরে এই ঘটনা ঘটে। এ ঘটনায়  আহত দুই জনকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত সুজন মিয়া দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর টেংগাবাড়ী গ্রামের রহমত আলীর ছেলে।

দুর্গাপুরের কেরনখলা গ্রামে গতকাল সকালে জমিতে কাজ করতে যাওয়ার সময় বজ্রপাতে শফিকুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শফিকুল ইসলাম ঐ গ্রামের আকবর আলীর ছেলে।

এছাড়া, একই উপজেলার চক লেঙ্গুরা গ্রামের একটি পুকুর থেকে নাইমা খাতুন (৬) এবং সানজিদা আক্তার (৪) নামে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার বিকালে তাদের লাশ উদ্ধার করা হয়। নাইমা আব্দুল মজিদের মেয়ে এবং সানজিদা আব্দুর রহমানের মেয়ে। শনিবার দুপুর থেকে তারা নিখোঁজ ছিল। পরে বিকালে তাদের লাশ পুলিশ উদ্ধার করে। 

অপর দিকে, গত শুক্রবার বিকালে পূর্বধলা বিরিশিরি সড়কের তুলা পাবই নামক স্থানে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম এবং তার স্ত্রী ঋতু আক্তার ঘটনাস্থলেই নিহত হন। এই দম্পতি অটোরিকশায় সাউদকান্দি থেকে শ্যামগঞ্জ যাচ্ছিলেন।