কাঁঠালবাড়ী ঘাটে ট্রাক শ্রমিক ও ফেরির স্টাফদের সংঘর্ষ :আহত ৬

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ২২:৪০

মাদারীপুরের শিবচরে কাঁঠালবাড়ী ঘাটে ট্রাক শ্রমিক ও ফেরির স্টাফদের মধ্যে সংঘর্ষে ছয় জন আহত হয়েছে। রবিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, নাব্যতা সংকটের কারণে টানা ৯ দিন বন্ধ থাকার পর শনিবার থেকে শুধুমাত্র কে-টাইপ ও মাঝারি দুটি ফেরিসহ পাঁচটি চলাচল শুরু করে। দুপুরে কে-টাইপ ফেরি কিশোরী শিমুলিয়া থেকে তিনটি ট্রাকসহ যানবাহন বোঝাই করে কাঁঠালবাড়ি ৩ নম্বর ঘাটে পৌঁছায়। ফেরিটি আনলোড হওয়ার পর দীর্ঘদিন ধরে ঘাটে আটকে থাকা ট্রাক শ্রমিকরা তিনটি ট্রাক পার করার দাবি জানায়। কিন্তু ফেরিটির শুকানি জাকির হোসেন মাত্র একটি ট্রাক নিতে চায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষ একে অপরের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় এবং ইটপাটকেল ছোড়ে। এতে দুই পক্ষের অন্তত ছয় জন আহত হয়। খবর পেয়ে ঘাটে দায়িত্বরত জেলা পুলিশ ও শিবচর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উভয় পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠক করে পুলিশ। আহতদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।

ইলিয়াছ আহমেদ চৌধুরী কাঁঠালবাড়ী ঘাটের দায়িত্বরত পুলিশ পরিদর্শক (টিআই) মো. মনিরুল ইসলাম বলেন, ফেরিতে ট্রাক বেশি ওঠানো নিয়ে সংর্ঘষ বাধে। ওপার থেকে তিনটি ট্রাক নিয়ে পার হয় ফেরিটি। এপার থেকেও ট্রাক শ্রমিকরা তিনটি ট্রাক পার করার দাবি করে। ফেরি স্টাফদের দাবি, নদীতে নাব্যতা সংকট থাকায় বেশি ট্রাক বহন করা যাচ্ছে না। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।