উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুর গেছেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। গতকাল রবিবার সকাল পৌনে ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো বিমানের একটি ফ্লাইটযোগে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। তার সফর সঙ্গী হিসেবে এক ব্যক্তি রয়েছেন। উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়েছে আকবর হোসেন পাঠান ফারুককে।
চিত্রনায়ক ফারুকের স্ত্রী ফারহানা ফারুক সাংবাদিকদেরকে জানান, করোনায় পরিস্থিতি বেশ জটিল। সে কারণে যাত্রীবাহী বিমানের ফ্লাইট নিয়মিত নয়। এদিকে সময় নষ্ট করারও সুযোগ নেই। তাই মালবাহী কার্গো বিমানের বিশেষ ফ্লাইটে ফারুককে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। ফারুকের রক্তে সংক্রমণ ও জ্বর না কমায় তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে ।
নায়ক ফারুক দেশ ত্যাগ করার প্রাক্কালে সাংবাদিকদের বলেছেন, ‘দেখুন আমি তো বিশেষ কেউ নই। আজীবন মাটি ও মানুষের কাছাকাছি থেকেছি। দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছি, অভিনয় করেছি আবার জনসেবাও করার চেষ্টা করছি। সরকার আমার চিকিত্সার জন্য সর্বোচ্চ সচেতন। সকাল-বিকাল সবাই খোঁজ নিচ্ছেন। বলছেন, আমার কী লাগবে। কিন্তু আমি কিছু নিতে চাই না, যতক্ষণ আমার সামর্থ্য আছে। আমি সবার কাছে শুধু দোয়া চাই। যেন সুস্থ হয়ে মানবসেবায় ফিরতে পারি।’ চিত্র নায়ক ফারুককে গত ১৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। করোনাসহ নানা ধরনের পরীক্ষা করা হলেও অসুস্থতার কারণ উদ্ধার করা সম্ভব হয়নি। করোনার ফলও বারবার নেগেটিভ আসে। বেশ কয়েক দিন হাসপাতালে চিকিত্সা শেষে কিছুটা সুস্থ হওয়ায় ২৬ আগস্ট বাসায় যান ফারুক। এরপর প্রচণ্ড অসুস্থতা অনুভব করলে ৩১ আগস্ট তাকে আবারও হাসপাতালটিতে ভর্তি করা হয়। করোনার পাশাপাশি টাইফয়েড, ডেঙ্গু, ম্যালেরিয়ার নমুনাও পরীক্ষা করা হয়। সবকিছুই নেগেটিভ রয়েছে। কিন্তু জ্বর না কমায় গত ৫ সেপ্টেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে (পুরনো এ্যাপোলো) স্থানান্তর করা হয়েছে তাকে।
