বরিস জনসনের ব্রেক্সিট নীতি প্রত্যাখ্যান করুন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ০০:২৫

ব্রিটেনের সাবেক দুই প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও জন মেজর অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী বরিস জনসন দেশকে বিশ্বের কাছে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন। তারা বরিস জনসনের প্রস্তাবিত ব্রেক্সিট চুক্তিকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন। তারা এমপিদের প্রতি আহ্বান জানিয়েছেন যে তারা যেন এই চুক্তিটি প্রত্যাখ্যান করেন। খবর ডেইলি মেইলের

দুই প্রধানমন্ত্রী সানডে টাইমসে লেখা নিবন্ধে বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে করা ব্রেক্সিট চুক্তি লঙ্ঘন করে প্রধানমন্ত্রী বরিস আয়ারল্যান্ডের শান্তিপ্রক্রিয়া নষ্ট করছেন। তিনি বাণিজ্য সমঝোতা এবং যুক্তরাজ্যের সততাকে নষ্ট করতে চাইছেন। চলতি বছরের মধ্যেই চূড়ান্ত ব্রেক্সিট চুক্তি করতে হবে ব্রিটেনকে। কিন্তু সেটা না করা হলে ইইউ আইনি ব্যবস্থা নিতে পারে। কিংবা চুক্তিহীন ব্রেক্সিট করতে পারে। সঠিক সময়ে না হলে এবং প্রধানমন্ত্রী ইউ টার্ন নিলে বাণিজ্য আলোচনায় ধস নামবে। তাই টনি ব্লেয়ার ও জন মেজর প্রধানমন্ত্রী বরিসের প্রস্তাবে সমর্থন না দিতে এমপিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ব্রিটেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ব্রেক্সিট চুক্তি করতে চায়। ইউরোপীয় ইউনিয়ন সতর্ক করলেও ব্রিটেন তার অবস্থানে অনড় রয়েছেন। তবে ব্রিটিশ বিচারমন্ত্রী রবার্ট বাকল্যান্ড বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন যদি করা হয় তাহলে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।