সীমান্তে হত্যা চলছে, সরকার নিশ্চুপ : রিজভী

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ০০:২৫

দেশের সীমান্ত অঞ্চলে একতরফাভাবে মানুষ হত্যা নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সীমান্তে মানুষ হত্যা চলছে, দেশের মানুষ রক্তাক্ত হচ্ছে, অথচ সরকার নিশ্চুপ। গতকাল রবিবার নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের এক অনুষ্ঠানে এ অভিযোগ করে রিজভী বলেন, চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত ৩৩ জনকে হত্যা করেছে বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী)। বর্তমান সরকার এত নতজানু যে এর বিরুদ্ধে তারা একটু প্রতিবাদও করতে পারছে না।

রিজভী বলেন, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বামী-স্ত্রী সম্পর্ক’। তা হলে সীমান্তে এত মানুষ মারা যায় কেন? বিএনপি সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, তাদের নীতি হচ্ছে, সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা কিন্তু নিজের স্বার্থকে ক্ষুণ্ন করে নয়। সরকারের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ক্যাসিনোকাণ্ড, সরকারি টাকা লুটপাটকারীদের কাছ থেকে যারা বখরা পেয়েছে সেই সব নেতা ও গডফাদারদের তো দুদক ও আইনশৃঙ্খলা বাহিনী স্পর্শও করতে পারেনি। গোপনে জি কে শামীম ও রূপপুর প্রকল্পে বালিশ পর্দা কেলেঙ্কারিসহ ঐ প্রকল্পের আবাসিক ভবনের অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য ১৬৯ কোটি টাকা খরচ করা ঠিকাদার শাহাদাতও জামিন পেয়ে গেছে। বিএনপি নেতাকর্মীদের জামিন বাতিল করে কারাগারে নেওয়া হচ্ছে আর অন্যদিকে দুর্নীতিবাজ ক্ষমতাসীন দলের লোকজন জামিন পাচ্ছে। এক দেশে আইনের দুই রকম প্রয়োগ হচ্ছে। তা হলে আমরা কোন শাসনের অধীনে আছি।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের (মরহুম) সভাপতি শফিউল বারী বাবুর স্মরণে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সহযোগিতা প্রদানে অনুষ্ঠানটি বাড্ডার একটি মাদ্রাসায় হওয়ার কথা থাকলেও পুলিশি বাধার কারণে এটি নয়াপল্টনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজের পরিচালনায় অনুষ্ঠানে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ,  স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েল ও যুগ্মসম্পাদক সাদরেজ জামান বক্তব্য রাখেন।