স্বাস্থ্য অধিদপ্তরের কর্মচারী আবজালকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ০০:২৬

প্রায় ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের দুই মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মচারী আবজাল হোসেনকে দুর্নীতি দমন কমিশন (দুদক) জিজ্ঞাসাবাদ শুরু করেছে। গতকাল রবিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত তাকে দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কমিশনের উপ-পরিচালক মো. তৌফিকুল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদ করেন। এর আগে গতকাল সকালে তাকে কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ নিরাপত্তায় সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে আনা হয়।

দুদক সূত্র জানায়, গত বছর ২৭ জুন দুদক উপ-পরিচালক তৌফিকুল ইসলাম বাদী হয়ে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ কার্যালয়ে অবৈধ সম্পদ অর্জন, মানিলন্ডারিং এবং দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দুটি করেন। মামলা দুটির মধ্যে একটিতে আবজাল হোসেন একা আসামি এবং অন্য মামলায় তার স্ত্রী রুবিনা খানম যৌথভাবে আসামি।