সাবেক যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে ১৯৫ কোটি টাকা পাচারের মামলা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গতকাল রবিবার রাজধানীর রমনা থানায় এ মামলা দায়ের করে।
মামলার বাদী সিআইডির সাব-ইন্সপেক্টর রাশেদুর রহমান। মামলা নম্বর-১৪। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার পরিদর্শক তদন্ত জহিরুল ইসলাম।
মামলার এজাহারে বলা হয়, ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে কাকরাইলের মেসার্স হিস মুভিজে অবস্থান করে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ অর্থ উপার্জন করেন। এতে আরো বলা হয়, সম্রাট তার অপরাধলব্দ আয়ের উত্স গোপন করার অভিপ্রায় সহযোগী এনামুল হক আরমানের সহায়তায় অবৈধভাবে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় আনুমানিক ১৯৫ কোটি টাকা পাচার করেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে।
উল্লেখ্য, ক্যাসিনো ব্যবসা ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেফতার ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিত্সাধীন।
