বাস্তুহারা পরিবারের পুনর্বাসন প্রকল্পের দলিল হস্তান্তর

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ০০:২৭

ঢাকার মিরপুর ১১ নম্বর সেক্টরের বাউনিয়াবাঁধ এলাকায় ২ হাজার ৬০০ বাস্তুহারা পরিবারের পুনর্বাসন প্রকল্পে প্লটের দলিল হস্তান্তর করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। গতকাল বাউনিয়াবাঁধ ঈদগা মাঠে আয়োজিত এক জনসভায় তিনি ৯৩টি প্লটের দলিল আনুষ্ঠানিক গ্রহীতাদের মধ্যে হস্তান্তর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সাধারণ মানুষের অধিকারের কথা বলেছেন। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে তিনি জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। কিন্তু অন্যায়ের সঙ্গে কখনো আপস করেননি। মানুষের খাদ্য বস্ত্র চিকিত্সাসহ মানসম্মত আবাসন ব্যবস্থা নিশ্চিত করা ছিল বঙ্গবন্ধুর একটি অন্যতম স্বপ্ন। সে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত আজকের এই দলিল হস্তান্তর। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লাহ। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. দেলোয়ার হায়দারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার।