নিশান এক্স-ট্রায়াল গাড়িতে ফেনসিডিলের চালান

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ০০:৪২

বিলাসবহুল নিশান এক্স-ট্রায়াল গাড়িতে ফেনসিডিলের চালান বহনকালে দুই জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত দুইজন হলেন, সোহেল ও স্বপন। গতকাল রবিবার রাতে রাজধানীর জিরোপয়েন্ট এলাকা থেকে তাদের গাড়ি ও মাদকসহ আটক করা হয়। আটককৃত সোহেলের নামে এর আগেও বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে। এদিকে অপর এক অভিযানে ডেমরা এলাকা থেকে কাভার্ডভ্যানে বিশেষ কায়দায় লুকানো ৩শ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীর ও আরিফ নামে আরো দুইজনকে  আটক করে ডিবি রমনা বিভাগের অপর একটি টিম।

ডিবি রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জানতে পারে সোহেল বিলাসবহুল একটি গাড়িতে করে ফেনসিডিলের চালান নিয়ে রওনা হয়েছে। এমন খবরের ভিত্তিতে জিরোপয়েন্ট এলাকায় অবস্থান নেয় ডিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন নিশান এক্স-ট্রায়াল গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো ২৭৫ বোতল ফেনসিডিল উদ্ধারসহ সোহেল ও তার সহযোগীকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

ডেমরা এলাকা থেকে মাদক উদ্ধারের ব্যাপারে ডিসি আজিমুল হক জানান, মৌচাক মোড় থেকে অনুসরণ করতে করতে ডেমরা এলাকায় থানা এলাকায় একটি সন্দেভাজন কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় কাভার্ডভ্যানটিতে বিশেষ কায়দায় রাখা ৩শ বোতল ফেনসিডিল উদ্ধারসহ দুই জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।