এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৬

অর্থনীতি

শেখ আবু সাঈদ আবদুল্লাহ

প্রভাষক

কুমিল্লা অজিতগুহ মহাবিদ্যালয়,কুমিল্লা

উত্পাদন সম্ভাবনা রেখা (Production Possibility Curve/PPC)

 

উত্পাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ দ্বারা দুটি দ্রব্য উত্পাদনের বিভিন্ন সমন্বয় নির্দেশ করে। নির্দিষ্ট পরিমাণ সম্পদ সাপেক্ষে দুটি দ্র্রব্যের উত্পাদন বাড়ানোর জন্য অন্যটির উত্পাদন কতটুকু ছাড়তে হয় তা উত্পাদন সম্ভাবনা রেখার সাহায্যে প্রকাশ পায়। নিচে চিত্রের মাধ্যমে উত্পাদন সম্ভাবনা রেখাটি ব্যাখ্যা করা হলো-

চিত্রে ভূমি অক্ষে X দ্রব্য এবং লম্ব অক্ষে Y দ্রব্য নির্দেশ করা হয়েছে। AB একটি উত্পাদন সম্ভাবনা রেখা। নির্দিষ্ট পরিমাণ সম্পদ কেবল Y দ্রব্য উত্পাদনে নিয়োগ করলে সর্বোচ্চ OA পরিমাণ Y দ্রব্য উত্পাদন করা সম্ভব, যেখানে X দ্রব্যের উত্পাদন শূন্য। আবার, কেবল X দ্রব্য উত্পাদনের ক্ষেত্রে সর্বোচ্চ OB পরিমাণ X দ্রব্য উত্পাদন করা সম্ভব, যেখানে Y দ্রব্যের উত্পাদন শূন্য।

AB রেখার মাঝের প্রত্যেকটি বিন্দুতেই উভয় দ্রব্যের উত্পাদন নির্দেশ করে। অর্থাত্, C বিন্দুতে X দ্রব্য OX1 এবং Y দ্রব্য OY1 পরিমাণ নির্দেশ করে। আবার, D বিন্দুতে X দ্রব্য OX2 এবং Y দ্রব্য OY2 পরিমাণ নির্দেশ করে। লক্ষ্যণীয় যে, একটি দ্রব্যের উত্পাদন বৃদ্ধিতে অপর দ্রব্যটির উত্পাদন হ্রাস করতে হয়।

AB রেখার অভ্যন্তরে অবস্থিত F বিন্দুতে সম্পদের অদক্ষতা প্রকাশ পায়। অন্যদিকে, সম্পদের সীমাবদ্ধতার কারণে AB রেখার বাইরে ও অর্থাত্ G বিন্দুতে উত্পাদন সম্ভব নয়। যা অ-অর্জনযোগ্য উত্পাদন বিন্দু প্রকাশ করে। সুতরাং, সীমাবদ্ধ সম্পদের দ্বারা কোন্ কোন্ দ্রব্য কী পরিমাণ উত্পাদন করা সম্ভব। সেই সাথে সম্পদের অদক্ষ ব্যবহার এবং অ-অর্জনযোগ্য উত্পাদন অঞ্চল ইত্যাদি উত্পাদন সম্ভাবনা রেখা বিশ্লেষণে আমরা জানতে পারি।