হিজবুল্লাহকে নিষিদ্ধ তালিকাভুক্ত করতে ইউরোপের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২১:০০

রয়টার্স

লেবাননের ইরান সমর্থিত শিয়াপন্থি গোষ্ঠী হিজবুল্লাহকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ তালিকাভুক্ত করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ আহ্বান জানিয়েছেন।

ইউরোপীয় ইউনিয়নকে উদ্দেশ্য করে পম্পেও বলেন, হিজবুল্লাহর গোটা অস্তিত্বকে সন্ত্রাসী মনে করতে হবে। এটির রাজনৈতিক ও সামরিক অংশের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। পম্পেও দাবি করেন, হিজবুল্লাহ সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করে যাচ্ছে। দলটি এখন ইউরোপ থেকে সামরিক প্রযুক্তি ও বাজেট সংগ্রহ করার কাজে ব্যস্ত রয়েছে।

এর আগে গত মঙ্গলবার মার্কিন অর্থ মন্ত্রণালয় হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে লেবাননের সাবেক দুই মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে হিজবুল্লাহকে হামাসের বাইরে ইসরাইলবিরোধী একটি বলিষ্ঠ প্ল্যাটফরম হিসেবে বিবেচনা করা হয়। সম্প্রতি ইসরাইল বিরোধী অবস্থান জোরালো করতে আলোচনায় বসেন দল দুটির শীর্ষ নেতারা। মধ্যপ্রাচ্যে সৌদি প্রভাব বলয়ের দেশগুলো যখন একে একে ইসরাইলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলার ঘোষণা দিচ্ছে সেই সময়ে হামাস-হিজবুল্লাহর শীর্ষ নেতাদের বৈঠক ভালোভাবে নেয়নি ওয়াশিংটন। ইসরাইলবিরোধী শক্তিগুলোকে কালো তালিকাভুক্ত করতে তাই ইউরোপীয় ইউনিয়নের ওপর চাপ প্রয়োগের কৌশল নিয়েছে ট্রাম্প প্রশাসন।