সনদ নবায়নের সময় দুই মাস বাড়াল ইপিবি

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২১:০২

ইত্তেফাক রিপোর্ট

চলতি ২০২০-২১ অর্থবছর মেয়াদি নিবন্ধন সনদ নবায়নের সময় দুই মাস (৩১ অক্টোবর পর্যন্ত) বাড়িয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। কোনো প্রতিষ্ঠান সনদ নবায়ন না করলে সেই প্রতিষ্ঠানকে ৩১ অক্টোবরের পর কোনো ধরনের সেবা দেবে না বলেও জানিয়েছে সংস্থাটি। সম্প্রতি এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ইপিবি। এতে বলা হয়, যেসব প্রতিষ্ঠান চলতি অর্থবছর মেয়াদি নিবন্ধন সনদ নবায়নের জন্য ৩১ আগস্ট পর্যন্ত ইপিবিতে আবেদন করতে সক্ষম হয়নি, সেসব প্রতিষ্ঠান ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে নির্ধারিত নিবন্ধন নবায়ন ফি ৩ হাজার টাকা ও বিলম্ব ফি ২ হাজার টাকাসহ মোট ৫ হাজার টাকার পে-স্লিপ ও সংশ্লিষ্ট কাগজপত্রের সত্যায়িত কপিসহ আবেদনপত্র দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো যাচ্ছে। এতে আরো বলা হয়েছে, ৩১ অক্টোবরের পর নিবন্ধন নবায়ন ব্যতীত রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে কোনো প্রকার সেবা (জিএসপি, সিও, সাপটা আপটা) প্রদান করা হবে না। বিজিএমইএ ও বিকেএমইএ এবং অন্যান্য সমিতির সদস্যভুক্ত যেসব প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরোর চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ কার্যালয় থেকে সেবা গ্রহণ করে থাকে তাদের নিবন্ধন সনদ নবায়নের জন্য সরাসরি ব্যুরোর চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ কার্যালয়ে আবেদন করতে হবে।