ইত্তেফাক রিপোর্ট
রবিবার বড় উত্থানের পর গতকাল সোমবার দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক কিছুটা কমেছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। ডিএসইর লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিমা প্রতিষ্ঠানগুলোর শেয়ার। মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় ৯টি ছিল বিমা প্রতিষ্ঠান। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১ দশমিক ৯ পয়েন্ট কমে ৫ হাজার ৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। রবিবার সূচকটি ৮২ পয়েন্ট বেড়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট ৩৫৬টি কোম্পানির ৪২ কোটি ৫৩ লাখ ৮৯ হাজার ৩৩৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ১ হাজার ১৪৮ কোটি ৯৫ লাখ ৫৮ হাজার টাকার। রবিবার লেনদেন হয়েছিল ১ হাজার ৩২৯ কোটি ৭২ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৮০ কোটি ৭৭ লাখ টাকা। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১ দশমিক ৯১ পয়েন্ট কমে ৫ হাজার ৯২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক শূন্য দশমিক ৮৮ পয়েন্ট কমে ১ হাজার ৭৫৬ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহসূচক শূন্য দশমিক ২৪ পয়েন্ট কমে ১ হাজার ১৭০ দশমিক ৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৩টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ার। কোম্পানিটির ৫০ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ৩৪ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়েছে। এছাড়া লেনদেনের ভিত্তিতে শীর্ষে থাকা অন্য কোম্পানি হলো—ব্র্যাক ব্যাংক লিমিটেড, ওরিয়ন ইনফিউশন, খুলনা পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, ওরিয়ন ফার্মা, ডেল্টা ব্র্যাক হাউজিং, নাহী অ্যালুমিনিয়াম ও স্কয়ার ফার্মা।
মূল্যবৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—তসরিফা ইন্ডাস্ট্রিজ, প্রভাতী ইনসিওরেন্স, মেঘনা লাইফ ইনসিওরেন্স, এশিয়া ইনসিওরেন্স, গ্লোবাল ইনসিওরেন্স, প্রগতী ইনসিওরেন্স, ঢাকা ইনসিওরেন্স, জনতা ইনসিওরেন্স, তাক্কাফুল ইনসিওরেন্স ও ফেডারের ইনসিওরেন্স। অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—ফারইস্ট ফাইন্যান্স, শ্যামপুর সুগার মিল, ইনটেক লিমিটেড, ইউনিয়ন ক্যাপিটাল, খান ব্রাদার্স পিপি, গ্লোবাল হেভি কেমিক্যাল, আইএফআইসি ব্যাংক লিমিটেড, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিল, অ্যাপলো ইস্পাত ও সোনারগাঁও টেক্সটাইল।
এদিকে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই গতকাল কমেছে ৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৯ কোটি ২ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৭২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১২৪টির এবং অপরবর্তিত রয়েছে ৩৪টির দাম।
