স্পোর্টস ডেস্ক
শেষ কয়েক মৌসুমে নৈপুণ্যের রেখাটা নিম্নমুখী হলেও অন্তত একটা রেকর্ড অক্ষত ছিল কোচ হোসে মরিনহোর। কোচিং ক্যারিয়ারের পুরোটা জুড়ে লিগ মৌসুমের প্রথম ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড। কিন্তু রবিবার রাতে এভারটনের বিপক্ষে সেটিও হারিয়েছেন পর্তুগিজ কোচ। নিজেদের উদ্বোধনী ম্যাচে মরিনহোর দল টটেনহ্যাম হেরেছে ১-০ গোলে।
এভারটন-টটেনহ্যামের প্রায় সমানে সমানে লড়াইয়ে পার্থক্য গড়ে দেয় ৫৫ মিনিটে ডমিনিক ক্যালভার্ট লুইনের গোল। তাতেই জয় নিশ্চিত হয় কোচ কার্লো অ্যানচেলত্তির দলের। আর প্রায় ২০ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো লিগে নিজের উদ্বোধনী ম্যাচেই হারের বিস্বাদ নেন মরিনহো। দিন দুয়েক আগেই টটেনহ্যামের একজন করোনায় আক্রান্ত হওয়ার খবর ছড়ায় ইউরোপীয় সংবাদমাধ্যমে। ফরাসি কিছু পত্রিকা সে ব্যক্তিটি ট্যাংগুয়ে এন্ডম্বেলে বলে দাবি করলেও মরিনহো অবশ্য এ নিয়ে মুখ খোলেননি। তবে দলের গড়পড়তা পারফর্ম্যান্সের কারণ হিসেবে পর্তুগিজ এই কোচ দেখছেন করোনাসৃষ্ট জটিলতাকেই। তিনি বলেন, ‘বেশ কিছু করোনা ভাইরাসে শনাক্ত খেলোয়াড় ছিল আমাদের। অবশ্যই, কারা আক্রান্ত হয়েছিল তাদের নাম প্রকাশ করবো না আমরা। আরো কিছু খেলোয়াড় তাদের সংস্পর্শে আসার কারণে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল।’
এখানেই শেষ নয়, আরো বিভিন্ন কারণে খেলোয়াড়রা অনুশীলনে যোগ দিতে পারেননি। মরিনহো দায় দেখছেন এরও। বললেন, ‘দেখুন, অন্যরা যেখানে মৌসুমের অনেক আগ থেকেই প্রস্তুতি শুরু করে, সেখানে হ্যারি কেইন আমাদের সঙ্গে অনুশীলনে এসেছে মোটে একবার। আমি খেলোয়াড় ধরে ধরে বলবো না, কিন্তু বিভিন্ন কারণে আমাদের প্রাক মৌসুম প্রস্তুতিটা ভালো হয়নি।’
