রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে বরিশালে আট দালালের কারাদণ্ড

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৩২

বরিশাল অফিস

বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ডায়াগনস্টিক সেন্টারের হয়ে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে আট দালালকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নির্দেশে সোমবার নগরীর বাটারগলি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরূপম মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আট দালালকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ড ঘোষণার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। অভিযানে মেট্রোপলিটনের গোয়েন্দা পুলিশ এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সহায়তা করেন। জনস্বার্থে এ অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরূপম মজুমদার।