উত্তরখানে চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২২:০৭

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা

উত্তরখানে চাঁদাবাজির প্রতিবাদে স্থানীয় বাজার ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন। গতকাল সকালে উত্তরখান থানার মাস্টারপাড়া বাজার এলাকায় মাস্টারপাড়া ব্যবসায়ী সমবায় সমিতির ব্যানারে এই মানববন্ধন হয়। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন মাস্টারপাড়া ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোকাররম হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ব্যাপারী, সহসভাপতি ইয়াসিন খান, অর্থ সম্পাদক মামুন কাসেম সুমন প্রমুখ। বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে মাস্টারপাড়া বাজারে ব্যবসা করে আসছি। ইদানিং এলাকার কয়েকজন রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে আমাদের থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছে। আমরা বাজার কমিটি চাঁদাবাজির প্রতিবাদে ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলর এবং উত্তরখান থানা পুলিশের কাছে কয়েক দফা অভিযোগ দিয়েছি।