ঢাকার বাইরে দক্ষিণ সিটির কুকুর স্থানান্তর পরিকল্পনা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২২:১০

পক্ষে-বিপক্ষে বিভিন্ন সংগঠনের কর্মসূচি পালন

এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি : ডিএসসিসি

নিলয় মামুন

রাজধানী জুড়ে দিনদিন বাড়ছে বেওয়ারিশ কুকুর। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এসব কুকুরকে বন্ধ্যত্বকরণে তেমন সুফল না পাওয়ায় এগুলো ঢাকার বাইরে স্থানান্তরের পরিকল্পনা করেছিল। কিন্তু সেটি চূড়ান্ত না হতেই এ নিয়ে পক্ষে-বিপক্ষে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ইতিমধ্যে কুকুর স্থানান্তরের বিপক্ষে বিভিন্ন প্রাণীপ্রেমী সংগঠন মানববন্ধন, দেয়ালচিত্রসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। আবার অন্যদিকে এমন পরিকল্পনাকে স্বাগত জানিয়ে মানববন্ধন করেছে কিছু সংগঠন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের তথ্য মতে, দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় আনুমানিক ৩০ হাজার বেওয়ারিশ কুকুর রয়েছে। এসব কুকুরকে বন্ধ্যাকরণ ভ্যাকসিন দেওয়া হতো। তবে এ ভ্যাকসিন খুব একটা কাজে আসেনি। প্রতি বছর রাজধানীতে কয়েক হাজার মানুষ কুকুরের আক্রমণের শিকার হয়ে চিকিত্সা নেন। জলাতঙ্ক রোগের পাশাপাশি কুকুর নানা রোগের জীবাণু বহন করে। এ পরিপ্রেক্ষিতে দক্ষিণ সিটি করপোরেশনের কুকুর স্থানান্তরের পরিকল্পনার কথা বাইরে আসার পরই গত ২ সেপ্টেম্বর নগর ভবনের সামনে মানববন্ধন করে বিভিন্ন প্রাণীপ্রেমী ও পরিবেশবাদী সংগঠন।

এ বিষয়ে ‘অভয়ারণ্য’র রোবাইয়া আহমেদ বলেন, ‘দক্ষিণ সিটি থেকে স্টেটমেন্ট দিয়েছে ৩০ হাজার কুকুর স্থানান্তর করবে। এটা বেআইনি একটি কাজ। গত বছর স্বাস্থ্য বিভাগ থেকে কুকুরদের টিকা দেওয়া হয়েছে। যেখানে সরকার থেকে কুকুরকে টিকা দেওয়া হয়েছে, আইনে বলা আছে কুকুর অপসারণ করা বেআইনি, সেখানে তারা এমন কাজ করবে, আমরা বিশ্বাস করিনি। এর প্রতিবাদে ধানমন্ডির সাত মসজিদ রোডেও প্রতিবাদী দেয়ালচিত্র অঙ্কন করেছে পিপল ফর অ্যানিমেল ওয়েলফার ফাউন্ডেশন।

সংগঠনটির চেয়ারম্যান রাকিবুল হক এমিল বলেন, কুকুরগুলো মেরে না ফেলা বা স্থানান্তর না করার দাবি জানাচ্ছি আমরা। অন্যদিকে গত ২ সেপ্টেম্বর একই দিনে নগর ভবনের সামনে স্থানান্তরকে  স্বাগত জানিয়ে ‘ঢাকা দক্ষিণ সিটি নগরবাসী’র ব্যানারে মানববন্ধন করে একটি সংগঠন।

কর্মসূচিতে তারা দাবি করে, বর্তমানে ঢাকা নগরীতে বেওয়ারিশ কুকুরের উত্পাত মাত্রাতিরিক্ত বেড়েছে। এসব কুকুরের দল কোনো পথচারীকে দেখলে আক্রমণ করে বসে, অনেককে কামড়ে আহত করে।  এ বিষয়ে দক্ষিণ সিটি করপোরেশনের ভেটেরিনারি কর্মকর্তা শফিকুল ইসলাম ইত্তেফাককে বলেন, বেওয়ারিশ কুকুর স্থানান্তরের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা চলছে।

ডিএসসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা আবু নাসের ইত্তেফাককে বলেন, এ বিষয়ে বিজ্ঞপ্তি আকারে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। পরিকল্পনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলে বিজ্ঞপ্তি আকারে জানানো হবে।