ইত্তেফাক রিপোর্ট
দেশের প্রচলিত আইন শতভাগ অনুসরণ করে দায়িত্ব পালন করলে পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা বৃদ্ধি পাবে। কোনো পুলিশ সদস্যের আচরণগত কারণে যেন আমাদের ভাবমূর্তি নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। সোমবার সকালে রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত ডিএমপির মাসিক অপরাধ সভায় তিনি এ কথা বলেন।
পুলিশ সদস্যদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে কমিশনার বলেন, যদি কোনো পুলিশ সদস্যদের সঙ্গে কোনো অপরাধীর সম্পর্ক থেকে থাকে তবে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। করোনা পরিস্থিতি আমরা কাটিয়ে উঠেছি। এখন আমাদের পুরোদমে কাজ করতে হবে। আমাদের যে ডাটাবেজ আছে তাতে অপরাধীদের সম্পূর্ণ তথ্য সরবরাহ করতে হবে। কোনো অফিসার যদি তথ্য সরবরাহ করতে ব্যর্থ হয় তবে তাকে তদন্তকার্য থেকে বিরত রাখা হবে।
মাদকসেবীদের বিষয়ে তিনি বলেন, মাদক নির্মূল করতে হলে মাদকসেবীদের তালিকা করতে হবে। এ সময় আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কমিশনার। ডিএমপির ক্রাইম বিভাগের মধ্যে প্রথম হয়েছে গুলশান বিভাগ, ডিএমপির গোয়েন্দা বিভাগের মধ্যে প্রথম হয়েছে গোয়েন্দা তেজগাঁও বিভাগ এবং ট্রাফিক বিভাগের মধ্যে প্রথম হয়েছে গুলশান বিভাগ।
