করোনা উপসর্গ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগের অধ্যাপক মো. মনজুরুল করিম মৃত্যুবরণ করেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে সাভারের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. নূরুল আবছার ইত্তেফাককে বলেন, ‘কয়েকদিন ধরে জ্বর, ঠাণ্ডা, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ দেখা দেয়। ফলে গত রোববার করোনা পরীক্ষার জন্য স্যাম্পল দিয়ে আসেন অধ্যাপক মনজুরুল করিম। তবে পরীক্ষার ফল এখনো পাওয়া যায়নি। সোমবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হয়। তখন পরিবারের সদস্যরা তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে দেখে দ্রুত উন্নত চিকিৎসার পরামর্শ দেন। পরে সাভারের একটি বেসরকারী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া মূলত দীর্ঘদিন ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন অধ্যাপক মনজুরুল করিম।’
এদিকে অধ্যাপক মো. মনজুরুল করিমের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
এক শোক বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘অধ্যাপক মনজুরুল করিমের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। রসায়ন গবেষণায় তার অবদান আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’
ইত্তেফাক/এসআই
