সাদেক বাচ্চু আর নেই¬

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২২:৪২

করোনা ভাইরাসে আক্রান্ত অভিনেতা সাদেক বাচ্চু (৬৬) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল সোমবার তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ চক্রবর্তী জানান, ‘সাদেক বাচ্চু কোভিড নিউমোনিয়ায় ভুগছিলেন। মাল্টি অর্গান ফেইলিয়রে তার মৃত্যু হয়েছে।’ 

সাদেক বাচ্চুর বড় মেয়ে সাদিকা ফাইরোজ মেহজাবিন জানান, শ্বাসকষ্ট নিয়ে ৬ আগস্ট ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তার বাবা। সেখানে নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস ধরা পড়লে শনিবার তাকে ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করা হয়। এ অভিনেতা দীর্ঘদিন ধরে হূদেরাগ, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। ২০১৩ সালে তার হূদ্যন্ত্রে অস্ত্রোপচারও করাতে হয়েছিল।

ডাকবিভাগের সাবেক কর্মকর্তা সাদেক হোসেন বাচ্চু ১৯৮৫ সালে চলচ্চিত্র জগতে পা রাখেন। ‘রামের সুমতি’র মাধ্যমে যাত্রা শুরুর পর বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। খল চরিত্রের অভিনেতা হিসেবে দর্শকদের কাছে পেয়েছেন আলাদা পরিচিতি। ২০১৮ সালে ‘একটি সিনেমার গল্প’ ছবিতে অভিনয়ের জন্য খল চরিত্রে সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সাদেক বাচ্চু।