দুদকের মামলায় ওসি প্রদীপকে গ্রেফতার দেখানোর আদেশ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২২:৪২

মেজর (অব.) সিনহা হত্যা মামলার আসামি টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছে আদালত। এই মামলায় তার জামিন আবেদন শুনানির জন্য আগামী ২০ সেপ্টেম্বর ধার্য হয়েছে। তবে অবৈধ সম্পদ অর্জনের মামলায় অপর আসামি প্রদীপের স্ত্রী চুমকি পলাতক থাকায় তাকে গ্রেফতার দেখানো যায়নি। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুল আলম প্রদীপের উপস্থিতিতে শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার বাদী দুদকের কর্মকর্তা রিয়াজ উদ্দিন জানান, এই মামলার অপর আসামি চুমকিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। তিনি যাতে পালাতে না পারেন, সেজন্য বিমানবন্দর, স্থলবন্দর ও সব থানাকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে।দুদকের আইনজীবী মাহামুদুল হক বলেন, আদালত দুদকের আবেদন মঞ্জুর করে প্রদীপ কুমার দাশকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ দিয়েছেন। প্রদীপের পক্ষে জামিন ও কারাগারে চিকিত্সাসংক্রান্ত দুটি আবেদন দাখিল করা হয়েছিল। ২০ সেপ্টেম্বর আবেদন শুনানির দিন ধার্য করেছে আদালত। কারাবিধি অনুসারে চিকিত্সার ব্যবস্থা নিতে বলা হয়েছে।

গত ২৩ আগস্ট প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে দুদকের চট্টগ্রাম জেলা সমন্বয় কার্যালয়-২-এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অপরাধের ঘটনাস্থল বিবেচনায় মামলাটি করা হয় দুদকের চট্টগ্রাম জেলা সমন্বয় কার্যালয়-১-এ।

মামলায় প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে প্রায় ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকা ওসি প্রদীপ ঘুষ-দুর্নীতির মাধ্যমে অর্জন করেছেন বলে দুদক অভিযোগ এনেছে। আর ১৩ লাখ ১৩ হাজার ১৭৫ টাকার সম্পদের তথ্য বিবরণীতে গোপন করার অভিযোগ আনা হয়েছে তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে।

মামলায় হাজিরা প্রদানের জন্য প্রদীপকে গত ১২ সেপ্টেম্বর কক্সবাজার কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে আনা হয়। গতকাল সোমবার দুপুর ১টার দিকে কড়া নিরাপত্তায় প্রদীপকে আদালতে হাজির করা হয়। মাত্র ১০ মিনিটের শুনানি শেষে প্রদীপকে আবার কারাগারে পাঠানো হয়।