জাপানের প্রধানমন্ত্রী হচ্ছেন ইয়োশিহিদে সুগা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২২:৪২

জাপানের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মুখ্য মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিহিদে সুগা। ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভোটে গতকাল তিনি নেতা নির্বাচিত হন। জয়ের পর তিনি বর্তমান প্রধানমন্ত্রী শিনজো আবের মূল নীতিগুলোর ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার করেছেন। খবর রয়টার্সের

আগামীকাল বুধবার সুগা দেশটির পার্লামেন্টের ভার্চুয়াল অধিবেশনে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। কারণ পার্লামেন্টের নিম্নকক্ষে এলডিপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত ইয়োশিহিদে সুগা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। ৫৩৪ ভোট পড়েছে। এর মধ্যে ইয়োশিহিদে সুগা পেয়েছেন ৩৭৭। তার প্রতিদ্বন্দ্বী নীতি-নির্ধারক    পরিষদের চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা পেয়েছেন ৮৯ ভোট। আর সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা পেয়েছেন ৬৮ ভোট। উত্তর জাপানের গ্রামাঞ্চলের এক জন স্ট্রবেরি কৃষকের ঘরে জন্ম নিয়েছিলেন ইয়োশিহিদে সুগা। গত মাসে শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগের ঘোষণা দেন জাপানের সবচেয়ে দীর্ঘ মেয়াদে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী শিনজো আবে। সুগা দেশটির ৬৩তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন।