শিবচরের চরাঞ্চলের বন্দরখোলা ইউনিয়ন পরিষদের দ্বিতল ভবনটি পদ্মার ভয়াবহ ভাঙনে বিলীন হয়ে গেছে। গত রবিবার ব্যাপক ভাঙনে ইতিমধ্যেই ভবনটির পিলার নদীতে ধসে যায়। গতকাল সোমবার বিকালে পুরো ভবনটি পদ্মা নদীতে বিলীন হয়ে যায়।
ভবনটি কয়েক বছর আগেও নদী থেকে প্রায় সাত কিলোমিটার দূরে ছিল। পাশেই ভয়াবহ ভাঙনঝুঁকিতে রয়েছে একটি কমিউনিটি ক্লিনিক ও কাজীরসুরা বাজারের অর্ধশতাধিক দোকানপাটসহ বিস্তীর্ণ জনপদ। চলতি বন্যা ও নদীভাঙনে শিবচরের চরাঞ্চলের চারটি বিদ্যালয় নদীতে বিলীন হয়ে শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে। চলতি বন্যায় চরের বন্দরখোলা ইউনিয়নের নুরুদ্দিন মাদবরকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়ের তিনতলা ভবন, চরজানাজাত ইউনিয়নের ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চবিদ্যালয়ের একাধিক স্থাপনা, ইউনিয়ন পরিষদ ও কাঁঠালবাড়ী ইউনিয়নের ৭৭ নম্বর কাঁঠালবাড়ী সরকারি বিদ্যালয় কাম সাইক্লোন শেলটারের তিনতলা ভবনটি বিলীন হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় অনেক ঘরবাড়ি।
মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম সাহা বলেন, শিবচরের চরাঞ্চলের একটি ইউনিয়ন পরিষদ ভবন পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে। এর আগে আমরা বালির বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা করেছিলাম; কিন্তু সে াতের কারণে ভাঙন ঠেকানো যায়নি।
