চীনকে টপকিয়ে মৃত্যুতে ২৮তম স্থানে যাচ্ছে বাংলাদেশ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২২:৫২

করোনা ভাইরাসে মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৬ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মৃতের মোট সংখ্যা ৪ হাজার ৭৫৯ জনে দাঁড়িয়েছে। গত বছর ডিসেম্বরে যেখান থেকে এ ভাইরাস পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে, সেই চীনে এ পর্যন্ত ৪ হাজার ৭৩৪ জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসে মৃত্যুর সর্বশেষ এ তথ্য হালনাগাদ করলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের টালিতে বিশ্বে বাংলাদেশ উঠে আসবে ২৮তম স্থানে। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ৮১২ জনের মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ            ৩৯ হাজার ৩৩২ জন। গত ১৩ জুন শনাক্ত রোগীর সংখ্যাতেও চীনকে ছাড়িয়ে যায় বাংলাদেশ। ২৬ আগস্ট দেশে শনাক্ত রোগী ৩ লাখ পেরিয়ে যায়। এর মধ্যে ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত। বিশ্বে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা এরই মধ্যে ২ কোটি ৯০ লাখ ছাড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্ত রোগীর সংখ্যায় বাংলাদেশ আছে ১৫তম স্থানে।