শাহবাগে পাওয়া শিশুর ঠাঁই হলো ডে কেয়ারে

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ০০:২১

রাজধানীর শাহবাগে বাস কাউন্টারের বক্সে পাওয়া দুই মাসের শিশুটির ঠাঁই হয়েছে আজিমপুর বেবি কেয়ার সেন্টারে। সোমবার দুপুরে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীন আজিমপুর বেবি কেয়ারে রাখা হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।

রমনা থানার এসআই তাহমিনা বেগম বলেন, রবিবার রাতে বারডেম হাসপাতাল সংলগ্ন লাল সবুজ বাস কাউন্টারের ভেতরে দুই মাস বয়সের এক শিশুকে পড়ে থাকতে দেখে পথচারীরা। পরে শাহবাগ থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে হেফাজতে নেয়। ঘটনাস্থল রমনা থানার অধীন বলে শিশুটিকে রমনা থানা পুলিশ হেফাজতে নেয়। শিশুটি পুরোপুরি সুস্থ আছে।

তিনি আরো জানান, সমাজসেবা অধিদপ্তরের কাছে হস্তান্তরের পর তাদের তত্ত্বাবধানে শিশুটিকে আপাতত আজিমপুর বেবি কেয়ারে রাখা হয়েছে। পরে শিশুটির বাবা-মার সন্ধান, কেউ দাবি করলে যথাযথ পরিচয় নিশ্চিত হয়েই তাদের কাছে শিশুটিকে হস্তান্তর করা হবে।