ভুয়া করোনা টেস্টের মামলায় চার্জশিটের সঙ্গে যুক্ত থাকা নথি ডা. সাবরিনার আইনজীবীদের দেখতে এবং সরবরাহের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। তবে মামলার কার্যক্রম স্থগিতের আবেদন করলে তা মঞ্জুর করেনি হাইকোর্ট। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী সাইফুজ্জামান তুহিন ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী শুনানি করেন।
আইনজীবী সাইফুজ্জামান তুহিন বলেন, এ মামলার মূল অভিযোগ হলো করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট। আমরা ভুয়া রিপোর্টের সেই নথিগুলো প্রাপ্তির আবেদন করেছিলাম। কিন্তু নিম্ন আদালত সেই আবেদন খারিজ করে দেয়। পরে নথি দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিভিশন আবেদন করি। আদালত চার্জশিটে যুক্ত থাকা নথি দেখতে এবং সরবরাহের নির্দেশ দিয়েছে।
গত ২০ আগস্ট এই মামলায় সাবরিনা ও তার স্বামী আরিফসহ আট জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। গত ২৩ জুন করোনার ভুয়া সনদ দেওয়া, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে আরিফুলসহ ছয় জনকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ।
