ইসরাইলের সঙ্গে একের পর এক আরব রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক বাড়তে থাকায় ক্ষুব্ধ ফিলিস্তিন নেতৃত্ব। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন ইসরাইলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলার ঘোষণা দিয়েছে। কিন্তু আরব লীগ তেমন কোনো পদক্ষেপ না নেওয়ায় বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করেছে ফিলিস্তিন। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ ইশতাহে বলেছেন, সরকার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে একটি সুপারিশ পেশ করতে যাচ্ছে যাতে আরব লীগের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করা যায় কিনা তা খতিয়ে দেখতে বলা হবে। গতকাল সাপ্তাহিক মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আরব লীগ একটা প্রতীকে পরিণত হয়েছে। কারণ ইসরাইল-আমিরাতের সম্পর্ক নিয়ে ফিলিস্তিন একটি নিন্দা প্রস্তাব পাস করতে বললেও আরব লীগের মন্ত্রী পর্যায়ের বৈঠকে সেটি সম্ভব হয়নি। —আলজাজিরা
