চতুর্থ শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য আটক

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ০০:৩৮

খুলনায় এক পুলিশ সদস্যের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (৯) ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের মোকামপুর গ্রামে এ ঘটনা ঘটে। ছাত্রীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, পুলিশের সদস্য রেজাউল শিকদার ও ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির শিশুটির বাড়ি একই গ্রামে পাশাপাশি। বেলা ১১টার দিকে রেজাউল শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিত্কারে আশেপাশের লোকজন এসে রেজাউলকে হাতেনাতে আটক ও শিশুটিকে উদ্ধার করেন। পরে রেজাউলকে থানায় সোপর্দ করা হয়। ঐ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন।

তেরখাদার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার রায় বলেন, ধর্ষণের অভিযোগে রেজাউলকে আটক করা হয়েছে। শিশুটিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রেজাউল পুলিশ বাহিনীর সদস্য। কিছুদিন আগে তার চাকরি হয়েছে। এ ঘটনায় রেজাউলের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। রেজাউল মোকামপুর গ্রামের আলাম আলী শিকদারের ছেলে। তিনি নাটোর জেলা পুলিশ লাইনে কর্মরত। সম্প্রতি তিনি ছুটিতে বাড়িতে আসেন।