দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে আরিকের ‘ট্রানজিট’

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২০:৪১

বিনোদন রিপোর্ট

 

আরিক আনাম খানের নির্মাণে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্রানজিট’ বিশ্বের দুটি বিখ্যাত আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে প্রদর্শিত হতে যাচ্ছে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈশ্বিক করোনা মহামারির কারণে এবার এনকাউন্টারস ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে অনলাইনে। এ আয়োজনে আগামী ১৭ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে ‘ট্রানজিট’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। এ চলচ্চিত্র উত্সব থেকে অস্কার ও বাফটা পুরস্কারের জন্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচন করা হয়। অন্যদিকে, কোরিয়ায় বুসান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে ২১ থেকে ৩০ অক্টোবর। এটিই এশিয়ার বৃহত্তম চলচ্চিত্র উত্সব। দুটি চলচ্চিত্র উত্সবে মূল প্রতিযোগিতায় অংশ নেবে ‘ট্রানজিট’।

জানা গেছে, ‘ট্রানজিট’ চলচ্চিত্রটিতে ঢাকা শহরের একজন সাধারণ সংগ্রামী মানুষের গল্প তুলে ধরা হয়েছে। একজন হকারের প্রতিদিনের সংগ্রাম ও টিকে থাকার লড়াই এবং উন্নত জীবনের জন্য ইতালি যাওয়ার স্বপ্ন ও নানা টানাপোড়েন নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। আরিক আনাম খানের পরিচালনায় চলচ্চিত্রটির মূল চরিত্রে অভিনয় করেছেন জাহাঙ্গীর আলম। এছাড়াও অভিনয় করেছেন শারমীন আঁখি, বৈদ্যনাথ সাহা, খায়রুল আলম টিপু, শরিফ হোসেনসহ অনেকে।