উন্নতি খাতুনকে প্রধানমন্ত্রী ৫ লাখ টাকা দিলেন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২১:১৬

স্পোর্টস রিপোর্টার

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় (অনূর্ধ্ব-১৭) গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন খুলনা দলের ফুটবলার টুর্নামেন্টের সেরা খেলোয়াড় উন্নতি খাতুনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ লাখ টাকা দিয়েছেন। গতকাল ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল উন্নতি খাতুনের হাতে প্রধানমন্ত্রীর দেওয়া চেক তুলে দেন। সেইসঙ্গে এই ফুটবলারকে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে ২৪ হাজার টাকার মাসিক ক্রীড়া ভাতার চেকও তুলে দেওয়া হয়। এ সময় ক্রীড়া সচিব আখতার হোসেন, পুলিশের আইজিপি বেনজীর আহমেদ, এনএসসির সচিব মাসুদ করিম উপস্থিত ছিলেন। উন্নতি খাতুন ভুটানে সাফ চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-১৫ জাতীয় দলে খেলেছেন। জাতীয় দলের ক্যাম্পেও রয়েছেন তিনি। দিল্লিতে সুব্রত কাপ ফুটবলে খেলেছেন,  বিকেএসপির নবম শ্রেণির ছাত্রী উন্নতি খাতুন সংবাদমাধ্যমকে জানিয়েছে প্রধানমন্ত্রীর হাত থেকে চেক গ্রহণ করতে পারলে আরো খুশি হতেন। মাগুরার শৈলকুপার দোহারো গ্রামে বাবা আবু দাউদ রিকশাচালক, মা হামিদা খাতুন অসুস্থ। উন্নতি খাতুনের সাত ভাইবোন। 

শেখ কামালের নামে অডিটোরিয়াম

জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ার অডিটোরিয়ামটির নাম বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহিদ ক্যাপ্টেন শেখ কামাল অডিটোরিয়াম করা হয়েছে। গতকাল এনএসসির নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের গুলিতে শাহাদতবরণ করেন শেখ কামাল।