বেঞ্চেও থাকবেন না সুয়ারেজ!

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২১:১৭

এবার লুই সুয়ারেজের সঙ্গে জলঘোলা হতে যাচ্ছে বার্সেলোনার। বিশ্বস্ত সূত্র ধরে ইএসপিএন জানাচ্ছে, চলতি দলবদলে তার দলবদল কোনো সম্ভব না হলে পুরো মৌসুম গ্যালারিতে থেকেই কাটাতে হতে পারে উরুগুইয়ান স্ট্রাইকারকে! রোনাল্ড কোম্যান দায়িত্বে আসার প্রথম দিকেই সুয়ারেজকে জানিয়ে দিয়েছিলেন, তার পরিকল্পনায় এই বার্সা ফরোয়ার্ডকে রাখছেন না তিনি। তার ২.৫ কোটি ইউরো বেতনের কারণেই মূলত তাকে দলছাড়া করতে চাইছে বার্সা, এমনকি রাজি বিনা অর্থে ক্লাবছাড়া করতেও। এমনই এক চুক্তিতে জুভেন্তাসের সঙ্গে সম্মত হয়েছে বার্সা, গুঞ্জন স্প্যানিশ সংবাদ মাধ্যমে। সেটা আলোর মুখ না দেখলে বার্সাতে হয়তো থেকে যাবেন সুয়ারেজ, কিন্তু মাঠে নামা নাও হতে পারে তার, এমনকি থাকবেন না বেঞ্চেও! যদিও এ ব্যাপারে চূড়ান্ত রায়টা দেবেন কোচ কোম্যানই।