রাধাগঞ্জে সেতু ভেঙে ট্রাক খালে

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২১:১৭

যান চলাচল বন্ধ

রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা

রায়পুরার রাধাগঞ্জ বাজারসংলগ্ন স্থানে সেতু ভেঙে একটি বালিভর্তি ট্রাক খালে পড়ে গেছে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও ট্রাকের চালক ফরহাদ মিয়া জানান, মঙ্গলবার সকাল আনুমানিক পৌনে সাতটায় টাঙ্গাইল থেকে ছেড়ে আসা বালিভর্তি ট্রাকটি সেতুর ওপরে ওঠামাত্রই ভেঙে খালে পড়ে যায়। ফলে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ।  স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল কাসেম বলেন, ঘটনার ব্যাপারে জেনেছি। প্রশাসনকে জানিয়েছে। তিনি আরো বলেন, ২০১৬ সালে সেতুটিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এতে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শামিম ইকবাল মুন্না বলেন, সেতুটি নির্মাণকাজের ট্রেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। আগামী দুই/তিন দিনের মধ্যে বিকল্প রাস্তা নির্মাণ করে চলাচলের উপযোগী করা হবে। স্থানীয়রা জানান, উপজেলা রায়পুরা সদরের সঙ্গে পশ্চিমাঞ্চলবাসীর যোগাযোগের অন্যতম সড়ক এটি। এখানে রয়েছে রাধাগঞ্জ বাজার। জেলার বিভিন্ন উপজেলা থেকেও নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা করতে প্রতিনিয়তই লোকজন আসছে এখানে।