বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে মাছের পোনা বিতরণ
ভোলা (দক্ষিণ) প্রতিনিধি ভোলায় বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের মধ্যে মাছের পোনা বিতরণ করেছে রোটারি ক্লাব অব স্কাই লাইন ঢাকা নামের সংগঠন। মঙ্গলবার সদর উপজেলার ইলিশা ইউনিয়ন পরিষদে শতাধিক মাছচাষিকে প্রায় ৮০০ কেজি মাছের পোনা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব স্কাই লাইন ঢাকার সভাপতি খাদিজা আকতার স্বপ্না।
যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ শুরু
নাটোর প্রতিনিধি যুব ও যুবাদের আত্মকর্মী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নাটোরে যুব উন্নয়ন অধিদপ্তরের সপ্তাহব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে নাটোর সদর উপজেলার সিংগারদহে উপজেলার প্রথম প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক শওকত আলী। সিংগারদহে একটি বাড়ি একটি খামার প্রকল্পের স্থানীয় সমিতি কার্যালয়ে ১২ যুব ও ১৩ যুবাসহ মোট ২৫ জন গরু মোটাতাজাকরণ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করছেন।
শাকসবজির বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা বন্যাদুর্গত নাসিরনগরের ৯৯৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মধ্যে বিনা মূল্যে শাক ও সবজির বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় অফিসার্স ক্লাবে এ বীজ বিতরণের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ।
হুইল চেয়ার ও নগদ অর্থ পেল দুই প্রতিবন্ধী
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা মানবিক চিকিত্সকদের সহায়তা সংগঠন ‘ডু স্যামথিং ফাউন্ডেশন’ সিরাজগঞ্জ একুশে ফোরামের উদ্যোগে দুই জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান করেছে। মঙ্গলবার গোপিনাথপুর শহিদ মিনার চত্বরে ফোরামের সভাপতি আখতারুজ্জামান তালুকদার এই হুইল চেয়ার ও আর্থিক সহায়তা তুলে দেন খুকনী ঝাওপাড়ার প্রতিবন্ধী হাসমত আলী ও সোনাতনী চরের ছানোয়ার হোসেনের হাতে।
চাষিদের মধ্যে কাঁকড়া পোনা বিতরণ
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউট খুলনার পাইকগাছার লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। তিনি সোমবার লোনাপানি কেন্দ্র পরিদর্শনে আসেন এবং স্থানীয় কাঁকড়াচাষিদের মধ্যে কাঁকড়া পোনা বিতরণ করেন।
