সিংগাইরে ভেঙে পড়েছে সেতু

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৭

যাতায়াতে দুর্ভোগ চরমে

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

উপজেলার তালেবপুর ইউনিয়নের কলাবাগান মাজারের পাশে গাঁজীখালি নদীর ওপর নির্মিত সেতু ও সংযোগ সড়ক বন্যার পানির স্রোতে ভেঙে গেছে। এতে কয়েক গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থী, বাজারের ক্রেতা-বিক্রেতা ও অসুস্থ রোগীদের যাতায়াতে সমস্যা দেখা দিয়েছে। এলাকাবাসী জানান, কলাবাগান মাজার, ইরতা, ইসলাম নগর, কাংশা ও ধামরাই উপজেলার আটিমাইঠাল ও খরারচরসহ উত্তর-পূর্ব অঞ্চলের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ছিল ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো ও নৌকা দিয়ে গাঁজীখালি নদী পার হওয়া। বিশেষ করে কলাবাগান বাদশা পাগলার মাজারে ওরসের সময় ভক্তবৃন্দসহ সাধারণ মানুষের ভোগান্তির সীমা থাকতো না। নদীর উভয় পাশের লোকজন মাজার কিংবা ইসলাম নগরবাসী বাজারে এক কিলোমিটার পথ ঘুরে আসা-যাওয়া করতো।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রমজান আলী এবং এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে কলাবাগান মাজার ও এই অঞ্চলের জনগোষ্ঠীর দুর্ভোগ লাঘবে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের প্রচেষ্টায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় গত অর্থ বছরে ৫১ লাখ টাকা ব্যয়ে নদীর ওপর মাজারের পাশে এই সেতুটি নির্মাণ করে। ফলে বিভিন্ন এলাকার লোকজন এ ব্রিজের সুবিধা ভোগ করে থাকেন। কিন্তু এবারের বন্যার পানির প্রবল স্রোতে উত্তর-পূর্ব পাশের সংযোগ সড়কসহ সেতুটি ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চেয়ারম্যান মো. রমজান আলী বলেন, বন্যার পানির প্রবল স্রোতে সেতুটি ধসে গেছে। এছাড়া ৯টি ওয়ার্ডে ১৭টি বিভিন্ন প্রকল্পের সড়ক ভেঙে গেছে। সেইসঙ্গে ফসলি জমি ও গরিব মানুষের ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।