রেল যোগাযোগে সম্পর্ক জোরদার হওয়ার আশা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২১:৫০

রেলপথমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত্

বিশেষ প্রতিনিধি

ভবিষ্যতে রেল যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশ-ভারত উভয় দেশের সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। এ নিয়ে রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজনের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। গতকাল মঙ্গলবার বিকালে রেলভবনে তাদের কথা হয়। এ সময় ভারতীয় অর্থায়নে বাংলাদেশ রেলওয়েতে যেসব প্রকল্প চলমান আছে সেগুলোর বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত তৃতীয় ও চতুর্থ এবং টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইনের কথা গুরুত্বের সঙ্গে উঠে আসে।

এছাড়া নির্মাণ করা হচ্ছে চিলাহাটি থেকে হলদিবাড়ী পর্যন্ত নতুন লাইন। এর মধ্যে ভারতীয় অংশে ১৫০ মিটার থাকলে বাংলাদেশের সঙ্গে ভারতের রেল যোগাযোগ চালু করা সম্ভব হবে। এটি যাতে আগামী ডিসেম্বরের মধ্যে চালু করা যায় সেজন্য ভারতীয় হাইকমিশনারকে অনুরোধ জানান রেলপথমন্ত্রী।

নুরুল ইসলাম সুজন উল্লেখ করেন, পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত নতুন রেললাইন তৈরি হলে শিলিগুড়ি পর্যন্ত ট্রেন চালানো যাবে। দুই দেশের মধ্যে চালু হওয়া কার্গো ও পণ্যবাহী ট্রেন সেবার বিষয়ে আলোচনা হয় এবং এটি দুই দেশের যোগাযোগের ক্ষেত্রে বড় সাফল্য বলে মনে করেন তারা।

ভারতের উপহার দেওয়া ১০টি ইঞ্জিন সম্পর্কে আলোচনা করেন রেলমন্ত্রী এবং এগুলোর সক্ষমতা অনেক ভালো বলে জানান তিনি। সিরাজগঞ্জে কনটেইনার ডিপো নির্মাণ এবং পার্বতীপুরে ভারতীয় অর্থায়নে একটি কোচ কারখানা গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান।